
মোঃ সুমন মোল্লা ভাংগা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুলের প্রচেষ্টায় সরকারিকরণের পথে এগিয়ে যাচ্ছে ভাঙ্গা পৌরসদরে অবস্থিত এ অঞ্চলের নারী শিক্ষার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ভাঙ্গা মহিলা কলেজ।
কলেজটি সরকারিকরণের উদ্যোগ বাস্তবায়িত হলে ভাঙ্গাসহ আশপাশের এলাকার পিছিয়ে পড়া ও মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জন্য সুলভে মানসম্মত উচ্চশিক্ষা অর্জনের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, গত ২২ আগস্ট প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৩ আগস্ট ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের আধা-সরকারি পত্র নম্বর-০১২৫-এর পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সংসদীয় আসন-২১৪, ফরিদপুর-৪-এর ভাঙ্গা উপজেলায় ভাঙ্গা পৌরসদরে অবস্থিত ‘ভাঙ্গা মহিলা কলেজ’ সরকারিকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন এমপি মো. শহিদুল ইসলাম বাবুল।
এ অবস্থায় কলেজটি সরকারিকরণের জন্য সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয়তা নিরিখে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
ভাঙ্গা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সফি উদ্দীন মোল্লা বলেন, “ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ নেওয়ায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের প্রতি আমরা কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই।”
তিনি জানান, স্থানীয় জনগণের প্রচেষ্টায় ১৯৯৭ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পাঁচ বছর পরও কলেজটি এমপিওভুক্ত ও স্বীকৃতি পায়নি। পরবর্তীতে ২০০২ সালের ৪ মে ভাঙ্গায় বিএনপি আয়োজিত এক জনসভায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভাঙ্গা মহিলা কলেজকে স্বীকৃতিসহ এমপিওভুক্ত করার ঘোষণা দেন। তাঁর নির্দেশে এক সপ্তাহের মধ্যে কলেজটি স্বীকৃতিসহ এমপিওভুক্ত হয়। ২০০৪ সালে কলেজটি ডিগ্রি পর্যায়ে উন্নীত হয়।
অধ্যক্ষ আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকেই কলেজটির ফলাফল ভালো। ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায়ও কলেজটির পাসের হার ছিল প্রায় ৮৩ শতাংশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি এক অনুষ্ঠানে এমপি শহিদুল ইসলাম বাবুল ভাঙ্গা মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগের কথা ঘোষণা করেন।
এদিকে শুক্রবার (২৮ আগস্ট) এমপি মো. শহিদুল ইসলাম বাবুল তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “ভাঙ্গা পৌরসভায় অবস্থিত মহিলা কলেজটি সরকারিকরণ (যা বিএনপির ২০০১-২০০৬ সরকারের সময় এমপিওভুক্ত করা হয়েছিল) এর কাজ এগিয়ে চলছে। মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আশা করি আমাদের স্বপ্ন পূরণের প্রচেষ্টা শীঘ্রই বাস্তবে রূপ নেবে।”
কলেজটি সরকারিকরণের প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাদের প্রত্যাশা, দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে ভাঙ্গা মহিলা কলেজটি সরকারি প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এবং এ অঞ্চলের নারী শিক্ষার প্রসারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।